“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

১৬ ডিসেম্বর ১৯৭১: রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের দলিলে সই করছেন লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি, পাশে লেফটেন্যান্ট জেনারেল অরোরা
১৬ ডিসেম্বর ১৯৭১: রমনা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের দলিলে সই করছেন লেফটেন্যান্ট জেনারেল এ. এ. কে. নিয়াজি, পাশে লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরা (ছবি: Indian Navy / Wikimedia Commons, GODL-India)
  • Sub Title: রমনা রেসকোর্স ময়দানের সেই টেবিলে কী ঘটেছিল — দলিলের ভাষ্য, সইয়ের সময়, উপস্থিত কে কে ছিলেন এবং ময়দানটির তাৎপর্য

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে ঢাকার রমনা রেসকোর্স ময়দানে (আজকের সোহরাওয়ার্দী উদ্যান) একটি সাধারণ টেবিলে বসে কলম চালালেন পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল এ. এ. কে. নিয়াজি। মাত্র তিন অনুচ্ছেদের একটি ইংরেজি দলিল — Instrument of Surrender — এতে সইয়ের মধ্য দিয়ে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটল এবং স্বাধীন বাংলাদেশের বিজয় পেল আনুষ্ঠানিক স্বীকৃতি। সেই বিকেলের ঘটনাপ্রবাহ, দলিলে কী লেখা ছিল, কারা উপস্থিত ছিলেন এবং কেন ঠিক সেই ময়দানই বেছে নেওয়া হয়েছিল — এই প্রবন্ধে তা বিস্তারিত জানানো হলো।

এক ঐতিহাসিক বিকেলের পটভূমি

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তখন যুদ্ধের শেষ পর্যায় চলছে। দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ, অসংখ্য মানুষের আত্মত্যাগ, নির্যাতন, বাস্তুচ্যুতি এবং ধ্বংসযজ্ঞের পর পাকিস্তানি সামরিক বাহিনীর পরাজয় প্রায় নিশ্চিত হয়ে উঠেছে। মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঢাকা ঘিরে ফেলে; পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড ক্রমেই বিচ্ছিন্ন ও অবরুদ্ধ হয়ে পড়ছিল।

১৬ ডিসেম্বরের শুরুতেই আত্মসমর্পণের বার্তা আদান-প্রদান হতে থাকে। ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের সেনাপ্রধান মেজর জেনারেল জে এফ আর জ্যাকব হেলিকপ্টারে ঢাকায় এসে পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজির কাছ থেকে শর্তহীন আত্মসমর্পণ নিশ্চিত করেন; এর জন্য নিয়াজিকে মাত্র ৩০ মিনিটের সময় দেওয়া হয়েছিল বলে জানা যায়। ঢাকায় তখন একদিকে যুদ্ধের শেষ মুহূর্তের উত্তেজনা, অন্যদিকে স্বাধীনতার প্রত্যাশায় অপেক্ষমাণ মানুষের মধ্যে তৈরি হচ্ছিল নতুন এক ইতিহাসের আবহ।

কেন রেসকোর্স ময়দানকে বেছে নেওয়া হয়েছিল?

আত্মসমর্পণের স্থান হিসেবে বেছে নেওয়া হয় ঢাকার রমনা রেসকোর্স ময়দানকে, যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। স্থানটির ঐতিহাসিক গুরুত্ব ছিল অত্যন্ত গভীর। ১৯৭১ সালের ৭ মার্চ এই ময়দানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ভাষণে বাঙালিকে স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই একই ময়দানে প্রায় নয় মাস পর পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণ করতে হয়।

এটি ছিল ইতিহাসের এক প্রতীকী পরিণতি। যে মাঠে বাঙালি জাতি স্বাধীনতার সংগ্রামের ডাক শুনেছিল, সেই মাঠেই পাকিস্তানি সামরিক শাসনের পরাজয় আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়। ফলে রেসকোর্স ময়দান শুধু একটি আত্মসমর্পণ অনুষ্ঠানের স্থান নয়; এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সূচনা, প্রতিরোধ এবং চূড়ান্ত বিজয়ের স্মারক হয়ে ওঠে।

এ ছাড়া ঘাঁটির ভেতরে বন্ধ দরজায় নয়, ঢাকার মানুষের সামনে প্রকাশ্যে আত্মসমর্পণ ঘটানোও ছিল একটি সচেতন সিদ্ধান্ত — জ্যাকব চেয়েছিলেন নিয়াজির আত্মসমর্পণ যেন জনসমক্ষে হয় এবং তাঁকে সামরিক সম্মাননা (গার্ড অব অনার) দেওয়া হয়।

আত্মসমর্পণ অনুষ্ঠানের প্রস্তুতি

১৬ ডিসেম্বর বিকেলে রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়। যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরা কলকাতা থেকে হেলিকপ্টারে ঢাকায় আসেন। তাঁর সঙ্গে ছিলেন ভারতের চতুর্থ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সগত সিংহ, পূর্বাঞ্চলীয় বিমান বাহিনীর কমান্ডার এয়ার মার্শাল হরি চাঁদ দেওয়ান এবং পূর্বাঞ্চলীয় কমান্ডের সেনাপ্রধান মেজর জেনারেল জে এফ আর জ্যাকব। পাকিস্তানের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল এ. এ. কে. নিয়াজি; তাঁর সঙ্গে ছিলেন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শরিফ ও বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল প্যাট্রিক ডেসমন্ড কালাঘান।

বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতিনিধিত্ব করেন মুক্তিবাহিনীর উপ-সেনাপ্রধান (ডেপুটি চিফ অব স্টাফ) গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার। তিনি মুক্তিযুদ্ধের সামরিক নেতৃত্বের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতি আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণ ও মুক্তিযুদ্ধের নিজস্ব নেতৃত্বের ভূমিকার তাৎপর্য বহন করে।

মঞ্চটি তৈরি হয়েছিল অত্যন্ত সাদামাটাভাবে — একটি টেবিল আর দুটি চেয়ার। আত্মসমর্পণের দলিলটি আগে থেকে প্রস্তুত করে আনা হয়েছিল; বাসসের প্রতিবেদন অনুযায়ী, আয়োজনের দায়িত্বে থাকা এক ভারতীয় ব্রিগেডিয়ার নিয়াজির দপ্তর থেকেই টেবিল ও দুটি চেয়ার নিয়ে রেসকোর্সে ছুটে এসেছিলেন। আরেকটি প্রচলিত বিবরণে টেবিলটি ঢাকা ক্লাব থেকে আনা বলা হয়। আনুষ্ঠানিকতা জাঁকজমকপূর্ণ ছিল না; কিন্তু সেই সাধারণ টেবিলেই সম্পন্ন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংখ্যার দিক থেকে বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক আত্মসমর্পণ।

আত্মসমর্পণের দলিলে কী লেখা ছিল?

আত্মসমর্পণের দলিলটির ইংরেজি নাম Instrument of Surrender। এতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ড বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানের সব সশস্ত্র বাহিনীকে লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়। দলিলে অরোরার পরিচয় লেখা আছে ‘পূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রে ভারত ও বাংলাদেশ বাহিনীর সর্বাধিনায়ক’, আর নিয়াজির পরিচয় ‘জোন বি-এর সামরিক আইন প্রশাসক ও পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার’।

দলিল অনুযায়ী, এই আত্মসমর্পণের আওতায় শুধু স্থলবাহিনী নয়, পাকিস্তানের বিমান ও নৌবাহিনী, আধাসামরিক বাহিনী এবং সশস্ত্র বেসামরিক বাহিনীও অন্তর্ভুক্ত ছিল। তাদের নিজ নিজ অবস্থান থেকে অস্ত্র সমর্পণ করে অরোরার অধীনস্থ নিকটতম নিয়মিত বাহিনীর কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

দলিলে আরও বলা হয়েছিল, সইয়ের সঙ্গে সঙ্গে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ড যৌথ বাহিনীর কমান্ডারের নির্দেশের অধীনে থাকবে; আদেশ অমান্য করা আত্মসমর্পণের শর্ত ভঙ্গ বলে গণ্য হবে। একই সঙ্গে অরোরা আনুষ্ঠানিক নিশ্চয়তা দেন, আত্মসমর্পণকারীদের সঙ্গে জেনেভা কনভেনশন অনুযায়ী সৈনিকের যোগ্য মর্যাদা ও সম্মানের সঙ্গে আচরণ করা হবে এবং বিদেশি নাগরিক, বিভিন্ন নৃগোষ্ঠী ও পশ্চিম পাকিস্তানি বংশোদ্ভূতদের নিরাপত্তা দেওয়া হবে।

অর্থাৎ এটি কেবল যুদ্ধবিরতির ঘোষণা ছিল না; বরং বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি সামরিক শক্তির আনুষ্ঠানিক ও ব্যাপক আত্মসমর্পণের দলিল ছিল।

যে মুহূর্তে স্বাক্ষরিত হলো আত্মসমর্পণ

অবশেষে এলো সেই প্রতীক্ষিত মুহূর্ত। ১৬ ডিসেম্বর বিকেলে রেসকোর্স ময়দানে লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরা ও লেফটেন্যান্ট জেনারেল এ. এ. কে. নিয়াজি আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। অরোরা যৌথ বাহিনীর পক্ষে আত্মসমর্পণ গ্রহণ করেন এবং নিয়াজি পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ডের পক্ষে দলিলে স্বাক্ষর করেন। সইয়ের পর নিয়াজি নিজের রিভলভারটি অরোরার হাতে তুলে দেন। দলিলে দুটি স্বাক্ষরের নিচেই লেখা আছে একটি মাত্র তারিখ — ১৬ ডিসেম্বর ১৯৭১। অনুষ্ঠানে জ্যাকবের পাশে দাঁড়িয়ে ছিলেন চতুর্থ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সগত সিংহ।

নিয়াজি সইয়ের মুহূর্তে মাথা নিচু করে ছিলেন, অরোরার মুখে কোনো উল্লাস ছিল না — ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান পরে দৃশ্যটি লিখেছিল, ‘বিমর্ষ পাকিস্তানি কর্মকর্তা সইয়ের ওপর ঝুঁকে আছেন; পাশে পাগড়িপরা ব্যক্তির মুখে আনন্দের লেশমাত্র নেই’। নিয়াজি নিজেও পরে তাঁর বইয়ে লিখেছেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত মন’ নিয়ে তিনি দলিলে সই করেছিলেন। আর ময়দানে জমা ভিড় সইয়ের মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে।

সইয়ের সময় নিয়ে বিবরণে কিছু পার্থক্য দেখা যায়। প্রকাশিত দলিল-পাঠে লেখা আছে, দলিলে সই হয়েছিল ভারতীয় মান সময়ে (IST) ১৬:৩১ ঘটিকায় — প্রচলিত বিবরণে এটিকেই ‘বিকেল ৪টা ৩১ মিনিট’ বলা হয়। ঢাকার সময় ভারতীয় সময়ের চেয়ে ৩০ মিনিট এগিয়ে থাকায় ঢাকার ঘড়িতে তখন বিকেল ৫টা ১ মিনিট। ভারতীয় কোনো কোনো প্রতিবেদনে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের কথাও এসেছে। যেই হোক, দিনটি ছিল ১৬ ডিসেম্বর ১৯৭১ — ইতিহাসে চিরকালের জন্য গাঁথা এক তারিখ।

এই স্বাক্ষরের মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সামরিক পরাজয় আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। এই দলিলের আওতায় আত্মসমর্পণ করেন প্রায় ৯৩ হাজার মানুষ — নিয়মিত সৈন্য, আধাসামরিক সদস্য, সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের সমেত; এর মধ্যে নিয়মিত সৈন্যের সংখ্যা আনুমানিক ৩৪ থেকে ৪৫ হাজার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয় এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বাস্তব প্রতিষ্ঠা এ ঐতিহাসিক স্বীকৃতি লাভ করে।

বিজয়ের সংবাদে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ

আত্মসমর্পণের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে আনন্দ ও স্বস্তির ঢেউ ছড়িয়ে পড়ে। দীর্ঘদিনের ভয়, অনিশ্চয়তা ও যুদ্ধের বিভীষিকা পেরিয়ে মানুষ পেল স্বাধীনতার স্বাদ। রাস্তায় নেমে আসে জনতা। বিজয়ের আনন্দে মানুষ একে অপরকে জড়িয়ে ধরে, স্লোগানে মুখরিত হয় চারপাশ।

এই আনন্দের সঙ্গে মিশে ছিল গভীর বেদনা। কারণ স্বাধীনতার জন্য অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। শহীদ হয়েছেন মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষ, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, কৃষক, শ্রমিকসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ। বহু পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে। লাখো মানুষ নির্যাতন ও বাস্তুচ্যুতির শিকার হয়েছেন। তাই ১৬ ডিসেম্বরের বিজয় ছিল আনন্দের, কিন্তু সেই আনন্দের পেছনে ছিল অসীম ত্যাগের ইতিহাস।

বিজয়ের আগে শহীদ বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ড

চূড়ান্ত পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী আলবদর, আলশামসসহ স্থানীয় সহযোগী গোষ্ঠীগুলো ১৯৭১ সালের ডিসেম্বর মাসে বাঙালি জাতির মেধা ও মনন ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়ন করে। বিশেষ করে ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক, প্রকৌশলীসহ বহু বুদ্ধিজীবীকে অপহরণ ও হত্যা করা হয়।

১৬ ডিসেম্বরের বিজয়ের আনন্দ তাই ১৪ ডিসেম্বরের শোককে ভুলিয়ে দিতে পারে না। স্বাধীন বাংলাদেশের জন্মের ঠিক আগমুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা ছিল ভবিষ্যৎ রাষ্ট্রকে মেধাশূন্য করার এক ভয়াবহ চেষ্টা। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস তাই বাংলাদেশের ইতিহাসে গভীরভাবে সম্পর্কিত।

মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সম্মিলিত ভূমিকা

বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছিল দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। এই যুদ্ধে মুক্তিবাহিনী ছিল স্বাধীনতার জন্য লড়াই করা বাঙালির নিজস্ব সশস্ত্র প্রতিরোধশক্তি। দেশের বিভিন্ন অঞ্চলে গেরিলা অভিযান, সম্মুখযুদ্ধ, যোগাযোগব্যবস্থা ও সামরিক স্থাপনায় আক্রমণসহ নানা কৌশলে পাকিস্তানি বাহিনীকে দুর্বল করে তোলা হয়।

যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় সশস্ত্র বাহিনী বাংলাদেশের মুক্তিবাহিনীর সঙ্গে যৌথভাবে সামরিক অভিযান পরিচালনা করে। স্থল, নৌ ও আকাশপথে পরিচালিত অভিযানে পাকিস্তানি বাহিনী দ্রুত পরাজয়ের মুখে পড়ে। ১৬ ডিসেম্বরের আত্মসমর্পণ ছিল এই সম্মিলিত সামরিক অভিযানের চূড়ান্ত পরিণতি।

এই যৌথ কমান্ডের ভিত্তি তৈরি হয়েছিল ১৯৭১-এর নভেম্বরে, ভারত ও বাংলাদেশ সরকারের রাজনৈতিক-সামরিক সহযোগিতা চুক্তির আওতায়। ২১ নভেম্বর অরোরা যৌথ বাহিনীর প্রধান মনোনীত হন; বাংলাদেশ পক্ষের দলের প্রধান ছিলেন মুক্তিবাহিনীর সেনাপ্রধান জেনারেল এম. এ. জি. ওসমানী। প্রকাশ্য যুদ্ধ শুরু হয় ৩ ডিসেম্বর — মাত্র ১৩ দিনের মধ্যে তা ঢাকার আত্মসমর্পণে পৌঁছে যায়।

তবে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে কেবল ১৬ ডিসেম্বরের সামরিক অভিযানের মধ্যে সীমাবদ্ধ করে দেখা যায় না। এর ভিত্তি ছিল বাঙালির দীর্ঘ রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বাধিকার আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জনগণের ব্যাপক অংশগ্রহণ।

আত্মসমর্পণের পরও সামনে ছিল রাষ্ট্র গঠনের কঠিন পথ

১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধের সামরিক পরিসমাপ্তি ঘটে। কিন্তু স্বাধীন রাষ্ট্র পরিচালনা, প্রশাসন পুনর্গঠন, যোগাযোগব্যবস্থা সচল করা, যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং শরণার্থীদের পুনর্বাসনের মতো বিশাল দায়িত্ব সামনে এসে দাঁড়ায়।

দেশের অবকাঠামো ছিল বিপর্যস্ত। বহু সেতু, সড়ক, রেলপথ ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়ে দেশে ফিরছিলেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মানুষের পুনর্বাসনও ছিল জরুরি। স্বাধীনতার আনন্দের পাশাপাশি রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলার কঠিন বাস্তবতা শুরু হয়।

আত্মসমর্পণকারীদের যুদ্ধবন্দি হিসেবে ভারতে রাখা হয়। ১৯৭২ সালের সিমলা চুক্তি এবং ১৯৭৪ সালের এপ্রিলে ভারত-পাকিস্তান-বাংলাদেশের মধ্যে দিল্লি চুক্তির পর তাঁদের দেশে ফেরত পাঠানো হয়; পাকিস্তান বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৭৪-এর ফেব্রুয়ারিতে। নিয়াজি ফিরে যান সবার শেষে — ১৯৭৫ সালের ৩০ এপ্রিল, ওয়াঘা সীমান্ত দিয়ে।

পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। তাঁর প্রত্যাবর্তন নবীন রাষ্ট্রের রাজনৈতিক যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত করে।

আজ সেই ময়দানে কী আছে?

যে মাঠে এক টেবিলে সই হয়েছিল, সেখানে এখন দাঁড়িয়ে আছে ১৫০ ফুট উঁচু কাচের স্বাধীনতা স্তম্ভ — স্তম্ভটি ঠিক সেই জায়গাতেই নির্মিত, যেখানে দলিলে সই হয়েছিল। পাশে রয়েছে শিখা চিরন্তন আর মুক্তিযুদ্ধের ম্যুরাল। সইয়ের টেবিল ও দুটি চেয়ার সংরক্ষিত আছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। আর সইকৃত মূল দলিলটি নয়াদিল্লির জাতীয় জাদুঘরে প্রদর্শিত আছে বলে জানা যায়।

১৬ ডিসেম্বরের ঐতিহাসিক গুরুত্ব

বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ এবং বিজয় দিবস ১৬ ডিসেম্বর—দুটি দিবসের তাৎপর্য আলাদা হলেও তারা একই মুক্তিসংগ্রামের ধারাবাহিক অংশ। ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার স্মারক। অন্যদিকে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং চূড়ান্ত বিজয়ের দিন। দুই দিবসের পার্থক্য নিয়ে বিস্তারিত জানা যাবে এই প্রবন্ধে; আর মুক্তিযুদ্ধের শুরু থেকে বিজয় পর্যন্ত পূর্ণাঙ্গ ধারাটি আছে মহান বিজয় দিবসের ইতিহাস প্রবন্ধে।

১৬ ডিসেম্বর আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা কোনো আকস্মিক অর্জন ছিল না। এর পেছনে ছিল দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংস্কৃতিক জাগরণ, গণআন্দোলন, সশস্ত্র প্রতিরোধ এবং অসংখ্য মানুষের আত্মত্যাগ। এই দিনটি বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় পরিচয় ও আত্মমর্যাদার প্রতীক।

উপসংহার: যে বিকেল বদলে দিয়েছিল একটি জাতির ভবিষ্যৎ

১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের সেই বিকেল ছিল বাঙালির দীর্ঘ সংগ্রামের এক ঐতিহাসিক পরিণতি। রমনা রেসকোর্স ময়দানের একটি টেবিলে স্বাক্ষরিত আত্মসমর্পণের দলিল শুধু একটি সামরিক বাহিনীর পরাজয় নিশ্চিত করেনি; এটি একটি স্বাধীন রাষ্ট্রের বিজয়কে চূড়ান্ত রূপ দিয়েছিল।

আজও ১৬ ডিসেম্বর এলেই জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে মুক্তিযুদ্ধের শহীদ, বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত মানুষ এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সকলকে। বিজয়ের এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। কারণ ইতিহাস জানা শুধু অতীতকে স্মরণ করা নয়, বরং স্বাধীনতার মূল্য, দায়িত্ব ও তাৎপর্য উপলব্ধি করারও একটি পথ।

মহান বিজয় দিবসে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইতিহাস এর অন্যান্য প্রবন্ধ

কুষ্টিয়ার রাজনৈতিক সংস্কৃতি
কুষ্টিয়ার রাজনৈতিক সংস্কৃতি

কুষ্টিয়ার রাজনৈতিক সংস্কৃতি

  • Sub Title: প্রাচীন আমল থেকে বর্তমান সময় পর্যন্ত এক ধারাবাহিক ইতিহাস

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন